খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় শেখ রেজোয়ান হোসেন সুমন (২৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সোহাগ, মিলন ও সুমন নামে আরো তিনজন মারাত্মক আহত হয়েছে। গত বুধবার রাতে নগরীর বসুপাড়া বাঁশতলা মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাত পৌঁনে ৮টার দিকে বসুপাড়া এলাকার বাঁশতলা মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল করে যাওয়ার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীরা শেখ রেজোয়ান হোসেন সুমনসহ চারজনের গতিরোধ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে উপর্যুপরি কোপাতে থাকে। এসময় সুমনের অপর তিন বন্ধু সোহাগ, মিলন ও সুমন বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রেজোয়ান হোসেন সুমনকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার শেখ ফরিদ হোসেনের ছেলে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।