গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেলেন পারভেজ মোশাররফ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪৪
সর্বশেষ ফৌজদারি মামলায় আদালতে জামিন পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক-ভাবে দেশের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। তবে জীবনের ওপর মারাত্মক হুমকির কারণে মোশাররফকে কড়া নিরাপত্তা পাহারায় রাখা হয়েছে। কয়েকমাস আগে তালেবান বিদ্রোহীরা হুমকি দিয়েছিল, মোশাররফকে তারা হত্যা করবে। একে ফাঁকা হুমকি মনে করলে এই সাবেক জেনারেলের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করছে সরকার। খবর এএফপির।
গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ২০০৭ সালে রাজধানীর লাল মসজিদে জঙ্গি বিরোধী অভিযান সংক্রান্ত মামলায় পারভেজ মোশাররফের জামিন মঞ্জুর করে। মোশাররফ ১৯৯৯-২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানে ক্ষমতায় ছিলেন। তার ওই সময়ের কর্মকাণ্ড নিয়ে বেশ ক’টি মামলা হয়েছে। সোমবার সর্বশেষ মামলাটিতেও জামিন হওয়ায় তার জামিনের পথ সুগম হয়। মোশাররফের আইনজীবীরা মোট ২ লাখ রুপির জামিনের মুচলেকা দাখিল করার পর ‘সাব-জেল’ ঘোষিত মোশাররফের বাড়ি থেকে গতকাল কারা কর্মচারীরা চলে যান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের পরিদর্শক মালিক মুশতাক বলেন, ‘আমরা ইসলামাবাদ নগর প্রশাসনের কাছ থেকে বৃহস্পতিবার সকালে লিখিত আদেশ পেয়েছি এবং আমরা তার বাড়িতে নিয়োজিত কারা কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠিয়েছি।’ ইসলামাবাদ স্থানীয় প্রশাসনের প্রধান জাওয়াদ বলেন, ‘মোশাররফ বর্তমানে মুক্ত মানুষ। তার বাড়ি এখন আর সাব-জেল নয়।’