আরাফাতকে হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি পিএলও’র
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪৮
পিএলও’র একজন শীর্ষ নেতা গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনী নেতা ইয়াসির আরাফাতের ‘হত্যাকাণ্ডের’ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। সুইস বিজ্ঞানীরা আরাফাতকে পালোনিয়াম প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সিদ্ধান্ত দেয়ার একদিন পর তিনি এ আহ্বান জানালেন। খবর এএফপির।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)’র নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন, ‘পরীক্ষার ফল প্রমাণ করেছে যে আরাফাতকে পলোনিয়াম প্রয়োগ করা হয়েছিল আর এই রাসায়নিক পদার্থটি কেবল কোনো রাষ্ট্রের কাছেই থাকে।’ তিনি এএফপিকে বলেন, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার তদন্তে যে রকম কমিটি গঠিত হয়েছে, সে রকম প্রেসিডেন্ট আরাফাতের হত্যাকাণ্ডের তদন্তেও একটি আন্তর্জাতিক কমিটি গঠন করতে হবে।