নিরিবিলি পরিবেশে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:০৪
মো.শামসুল আলম
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, হবিগঞ্জ
এখন শুধু আমাদের কাজ হলো এই ছোট্ট শিশুদের নিরিবিলি পরিবেশে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা। মনে রাখতে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা বয়সে খুবই ছোট। তাদের জোর করে পুরো বই মুখস্থ করালেই আমরা ভালো ফলাফল আশা করতে পারি না। অভিভাবকদের অনুরোধ করবো আপনারা সন্তানদের পরীক্ষা নিয়ে কোনো ধরনের চাপ সৃষ্টি করবেন না। নিজের মতো করে পড়াশোনা করে মেধাটাকে কাজে লাগানোর সুযোগ দিন। আমারা চাই একটি শিশু স্বাভাবিকভাবে পড়াশোনা করে সঠিক শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
০০০
মোহাম্মদ মোফাজ্জল হোসেন
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গাজীপুর
জীবনের সবচেয়ে বড়ো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছো তোমরা। এটা তোমাদের জন্য অনেক বড় পাওয়া। তোমরা অনেক সৌভাগ্যবান যে,পঞ্চম শ্রেণিতে বসেই এত বড় একটা পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারছ। পরীক্ষা নিয়ে ভয় পাবার কিছু নেই। সারা বছর যা পড়েছ এখন তা বার বার রিভিশন দাও,তবেই সাফল্য অনিবার্য। মনে আত্মবিশ্বাস রাখবে ,দেখবে পরীক্ষা ভালো হয়ে যাবে। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে আগে খুব ভালো করে পড়ে নিবে। যে প্রশ্নটি তুমি সবচেয়ে ভালো পারো সেটি থেকেই উত্তর করা শুরু করবে। পরীক্ষার রুটিন অনুসারে সময় ভাগ করে প্রতিটি বিষয় রাব বার পড়বে।