প্রযোজ্য বা সঠিক তথ্য/তত্ত্ব বাক্যে লিখতে হবে

বিউটি রায় সহকারি শিক্ষক মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী উত্তর লিখার কৌশল আলোচনা করা হলো। প্রশ্ন নম্বর-১: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ১ নম্বর করে মোট থাকবে ৪০ নম্বর। প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প উত্তর থাকবে। সঠিক ক্রমনম্বরের সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই উত্তম। প্রশ্ন নম্বর ১-এ ৪০টি বহুনির্বাচনির মধ্যে ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যোগ্যতাভিত্তিক প্রশ্নের জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনীতে দেওয়া ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে আত্মস্থ করতে হবে। প্রশ্ন নম্বর-২: শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলোর উত্তর লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। নম্বর থাকবে (১x১০)=১০। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দাংশ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। পুরো বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দাংশ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দেওয়াই উত্তম। প্রশ্ন নম্বর -৩: নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। এখানে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। নম্বর থাকবে ১ করে মোট ১০। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রযোজ্য বা সঠিক তথ্য/তত্ত্ব বাক্যে লিখতে হবে। যেহেতু প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ১। সুতরাং শুধু দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তর বড় করার প্রয়োজন নেই। প্রশ্ন নম্বর- ৪: ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো। (বর্ণনামূলক প্রশ্ন) এখানে মোট ১০টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির নম্বর ৫ করে ৮টির জন্য নম্বর থাকবে ৪০। ক ও খ কাঠামোবদ্ধ প্রশ্ন, যার উত্তর প্রদান বাধ্যতামূলক। যেহেতু কাঠামোবদ্ধ প্রশ্ন দুটি যোগ্যতাভিত্তিক। সুতরাং পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে আত্মস্থ করবে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরে ভূমিকা বা উপসংহার লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা অনুযায়ী কারণ/পার্থক্য/তথ্য/তত্ত্ব/যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করতে হবে। অন্যান্য ছয়টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর দুই বা ততোধিক প্যারায় লিখতে হবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে পাঠ্যবইয়ের দেওয়া তত্ত্ব/তথ্য ছাড়াও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক একাধিক তথ্য বা তত্ত্ব উল্লেখ করা যাবে। প্রয়োজনীয় উদাহরণ দেবে। দরকারি কিছু কথা মনে রাখবে ১. মন্ত্র, শ্লোক ও প্রার্থনামূলক কবিতা সঠিকভাবে লিখবে। ২. ধর্মগ্রন্থের নাম, মহাপুরুষ ও মহীয়সী নারীদের নাম, সংশ্লিষ্ট সাল শুদ্ধভাবে লিখবে। ৩. অবতারদের নাম, দেব-দেবীর নাম সঠিক হতে হবে। ৪. ধর্মক্ষেত্র, ধর্মগ্রন্থ বিষয়ের তথ্য অবশ্যই নির্ভুল হতে হবে।