‘ধুম থ্রি’-এর নকল তত্ত্ব নিয়ে মুখ খুললেন আমির

মাত্র কিছুদিন আগে ভারতীয় এক সংবাদ মাধ্যমে ‘ধুম থ্রি’ একটি নকল ছবি এমন খবর প্রকাশ হয়। এই খবরে শুধু বলিউড নয়, পাশাপাশের দেশের মানুষও অনেকটা অবাক হয়েছে। কিন্তু ‘ধুম থ্রি’ কর্তৃপক্ষ তখন এ বিষয়ে কোনো মুখ খোলেননি, সাংবাদিকদের প্রশ্নকে বারবার এড়িয়ে গিয়েছেন। সেই সংবাদে উল্লেখ করা হয়েছি, ‘ধুম থ্রি’ ছবিটি হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এবং ‘ওশান্স’ সিরিজের সমন্বয়ে তৈরি। শুধু তাই নয়, এবারের ছবির পুরো কনসেপ্টটি চুরি করা হয়েছে হলিউডে এ বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘নাউ ইউ সি মি’ থেকে। উল্লেখ্য, ‘নাউ ইউ সি মি’ ছবিটির গল্প সাজানো হয়েছে বেশ ক’জন জাদুকরকে নিয়ে। এই জাদুকররা একটি গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে ব্যাংক এবং বিভিন্ন স্থান থেকে অর্থ লুট করে। অন্যদিকে, ‘ধুম থ্রি’ ছবিতেও আমির খান একজন জাদুকরের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই নকল তত্ত্ব নিয়ে এবার মুখ খুলে আমির খান বললেন, ‘আমার ‘ধুম থ্রি’ মানুষের কল্পনার বাইরে। কে কী বলছে, কোথা থেকে কী হয়েছে, এসব নিয়ে আমি মোটেও মাথা ঘামাই না। যখন ছবিটি হলে প্রদর্শিত হবে, তখন সবই প্রমাণ হয়ে যাবে। অনেকের বিভ্রান্তিও হয়তো ভেঙে যাবে।’