সাভার গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ

সাভার ও গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। বন্ধ কারখানা খুলে দেয়া ও মজুরি বোর্ড ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর ও গাজীপুরের কোনাবাড়ি এবং কাশিমপুর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। বিক্ষোভ ঠেকাতে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুর হরিণধরা এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শামস্ স্টাইল লিমিটেডের শ্রমিকরা কারখানায় প্রবেশের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মিছিল নিয়ে পাশের জেইসা গ্রুপের ভবনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কারখানা দুটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা আবারও মিছিল নিয়ে স্থানীয় পলো গার্মেন্টসের দিকে অগ্রসর হলে কর্তৃপক্ষ তাদের বাহিনী দিয়ে শ্রমিকদেরকে ধাওয়া দেয়। এতে কমপক্ষে ২৫ শ্রমিক আহত হন। শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল আলমের বরাত দিয়ে আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গত দুই দিন শ্রমিক বিক্ষোভের মুখে বৃহস্পতিবার কোনাবাড়ি জরুন এলাকার ইসলাম গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, তুসুকা কারখানা ও কেয়া গ্রুপসহ বেশ কিছু কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকালে কারখানার ফটকে বন্ধের নোটিস দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে হাজার হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ি এলাকার বেশ কিছু কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।