বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৩৯
বগুড়ার কাহালুতে ১০টি ও কুমিল্লার চান্দিনায় ২০টি দোকান এবং টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামালসহ কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।
কাহালু (বগুড়া)
বগুড়ার কাহালু কাঁচা বাজারের হাট শেডে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। জানা গেছে, দোকান মালিকেরা দুপুরে তাদের দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে যায়। নামাজ শেষ হওয়ার আগেই আহসানের দোকান থেকে কালো ধোঁয়া দেখতে পায়। কিছু বোঝার আগেই আগুনে মুহূর্তের মধ্যে ১০টি দোকান পুড়ে যায়। লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল রক্ষা করতে পারেনি। পরে বগুড়ার দমকল বাহিনী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
চান্দিনা ও বুড়চিং (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনা উপজেলা সদর বাজারে মাঈনউদ্দিন সুপার মার্কেটে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ঐ মার্কেটের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
বাসাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামে গত বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। জানা যায়, অগ্নিকাণ্ডে ৫ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ নগদ টাকা, ২টি টিভি, ১টি ফ্রিজ, ৪টি মোবাইল সেট, ৩০ মণ ধান ও ঘরের আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
বাসাইল উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।