কালীগঞ্জে জেডিসি পরীক্ষা দিতে পারেনি ৩০ পরীক্ষার্থী

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণবাগ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ ছোলাইমান আইয়্যুবী এ বছরের জেডিসি পরীক্ষার জন্য মোট ৫৩ জন শিক্ষার্থীর ফরম পূরণ করেন। কিন্তু মাদ্রাসা সুপার নিয়মিত ২৪ জন ও অনিয়মিত ৯ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে বাকি ৩০ শিক্ষার্থীর টাকা লোপাট করায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বৃহস্পতিবার সকালে দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে ৮ম শ্রেণির ছাত্র মোঃ ইব্রাহিম, মোঃ মারুফ, রতন, মোঃ আপির উদ্দিন, মোঃ তৌহিদুল ইসলাম ও বদি ক্ষোভ প্রকাশ করে বলেন, সুপারিনটেনডেন্ট আমাদের ফরম পূরণ ও কোচিং ফি বাবদ ১ হাজার টাকা করে নেন। কিন্তু ৩০ জনের টাকা বোর্ডে জমা না দিয়ে সব টাকা আত্মসাত্ করেন। সুপারিনটেনডেন্ট মোঃ ছোলাইমান আইয়্যুবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের ফরম পূরণের জন্য টাকা নেয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক টাকা ফেরত দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার জানান, ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।