শান্তি আলোচনা প্রত্যাখ্যান
নতুন তালেবান প্রধানের
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৫২
সরকারের সঙ্গে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের নতুন নির্বাচিত তালেবান প্রধান মোল্লা ফজলুল্লাহ। তার পূর্বসূরীর নিহতের প্রতিশোধ নেয়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত বৃহস্পতিবার তালেবান নেতা নির্বাচিত হয়েই তিনি এসব কথা বলেন। ফলে সরকারের সঙ্গে তালেবানের শান্তি চুক্তির আশা মুখ থুবড়ে পড়েছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হওয়ার ছয়দিন পর বৃহস্পতিবার ফজলুল্লাহকে নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছেন এক তালেবান মুখপাত্র। মোল্লা ফজলুল্লাহ খুবই কট্টরপন্থি একজন তালেবান কমান্ডার। সোয়াত উপত্যকায় একাধিক ইসলামিক বেতার সম্প্রচারের কারণে সবাই তাকে ‘মোল্লা রেডিও’ নামে চেনে। তার লোকেরাই গত বছর নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করার চেষ্টা চালিয়েছিল। তালেবানের তত্ত্বাবধায়ক নেতা আসমাতুল্লাহ শাহীন গোপন এক স্থান থেকে এক সংবাদ সম্মেলনে নতুন তালেবান নেতার নাম ঘোষণা করেন। তালেবান মুখপাত্র জানিয়েছেন, সেনা ও সরকারি দলের লোকজনই এখন তাদের লক্ষ্য হবে ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত মে মাসে ক্ষমতায় আসার পর বিদ্রোহ দমনে তালেবানের সঙ্গে আলোচনা করার কথা জানান। সেই লক্ষ্যে হাকিমুল্লাহ মেহসুদের সাথে আলোচনা চালাতে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার কথা ছিল সরকারি প্রতিনিধিদের। কিন্তু তার একদিন আগে মার্কিন ড্রোন হামলায় মারা যায় মেহসুদ। তালেবানের শীর্ষ নেতৃত্বদানকারী সংস্থা বা সূরা নেতা আসমাতুল্লাহ শাহীন ভিটানি বলেছেন, শহীদ হাকিমুল্লাহ’র নিহতের প্রতিশোধ আমরা নিবই। শান্তি আলোচনা শত্রুদের পাতানো একটি ফাঁদ। এছাড়া জনগণকে বিভ্রান্ত করতে এমনটা করা হয়েছে। তাই সরকারে থাকা সব রাজনৈতিক দলকে আমরা শত্রু হিসেবে গণ্য করছি।