ইসলামী শিক্ষা ধ্বংসের নয়া কৌশল কওমী সনদের স্বীকৃতি

কওমী পরিষদের আহ্বায়ক মুফতি ডা. এস এম আবদুল আজিজ বলেছেন, কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি হল ইসলামি শিক্ষা ধ্বংস করার নয়া কৌশল। কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি আর ‘বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ ২০১৩’ একই কথা নয়। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ হল ইসলামি শিক্ষা তথা কওমি শিক্ষাকে সরকারের নিয়ন্ত্রণে নেয়া। তিনি বলেন, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ ২০১৩-এর খসড়ার কোথাও সরকারি চাকরি পাওয়ার কথা উল্লেখ করা হয়নি। এমনকি দাওরায়ে হাদিস/তাকমিল পাস করলে মাস্টার ডিগ্রি, ফজিলাত/জামায়াতে মেশকাত পাস করলে বিএ, সানাবিয়া (উচ্চ মাধ্যমিক), মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক), ইবতিদাইয়্যাহ পঞ্চম শ্রেণীর সমমানের সনদের স্বীকৃতি পাওয়া যাবে কিনা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা হয়নি। বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা যারা কওমি মূল ধারার সাথে আছি তারা কেউই কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতির বিপক্ষে নই। ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ ২০১৩’ পাস করার পূর্বে কোরআন-সুন্নাহ বিরোধী তথা ইসলাম শিক্ষা বিরোধী বামপন্থিদের তৈরি করা শিক্ষানীতি আগে বাতিল করতে হবে বলে তিনি দাবি করেন।-প্রেস বিজ্ঞপ্তি