হরতালের নামে পরীক্ষার্থী জিম্মি করা থেকে বিরত থাকুন :শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২১:০৫
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৫০ লক্ষাধিক জেএসসি-পিএসসি পরীক্ষার্থীসহ ৪ কোটি পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনায় নিলে জানমাল ও অর্থনীতি বিধ্বংসী হরতাল না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হরতালের নামে পরীক্ষার্থীদেরকে জিম্মি না করার আহ্বান জানান। তিনি বলেন, হরতাল কোমলমতি পরীক্ষার্থীরা চরম ভোগান্তি, চাপ, আতংক, ভীতি ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাদের ফল খারাপ হয়।
শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে সাক্ষাত্কালে একথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিপুলসংখ্যক পরীক্ষার্থী, তাদের বাবা-মা, ভাই-বোনসহ বিপুল জনগোষ্ঠী এসব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট। এসব ছাত্র-ছাত্রীরাই জাতির ভবিষ্যত্। আমাদের বিরোধী দলের নেতা-কর্মীরা ক্ষমতার মোহে তাদের কথা ভুলে যান। তারা জ্বালাও-পোড়াও আর ধ্বংসের রাজনীতি করছেন। মন্ত্রী তাদের সংসদে গিয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধানের পরামর্শ দেন। তিনি পরবর্তী পরীক্ষাগুলো নির্বিঘ্নে দেয়ার ব্যাপারে বিরোধী দলের সহায়তা কামনা করেন। পরে মন্ত্রী মাদ্রাসা-ই-আলিয়ায় জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উভয় কেন্দ্রে তিনি অভিভাবকদের সাথেও কথা বলেন।