পিসিবি চেয়ারম্যান হতে চান মিয়াদাদ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহাপরিচালক জাভেদ মিয়াদাদ বলেছেন, দেশের ক্রিকেটকে আরো ভালভাবে সেবা দিতে পিসিবি চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন তিনি। গতকাল তিনি বলেন, ‘ক্রিকেট ভক্ত এবং সাবেক ক্রিকেটারা আমাকে পিসিবি চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য খুবই চাপ দিচ্ছে এবং এ বিষয়ে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে আমি পরামর্শ শুরু করেছি।’ মিয়াদাদ জানান, বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করছেন এবং হয়তোবা নির্বাচন করবেন। তবে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। সাবেক পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর বিভিন্ন পদে দায়িত্ব পালন করা এবং সাবেক ক্রিকেটারদের সহায়তায় পিসিবি চেয়ারম্যান হিসাবে ক্রিকেটকে আমি ভালভাবে চালাতে পারব বলে আশা করছি।’ ক্রিকেটের অন্যতম এ কিংবদন্তি বলেন, ‘পিসিবির প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্রিকেট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং সময়ের সাথে সাথে দেশের ক্রিকেটকে তিনি একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’ ক্রিকেটকে ভালভাবে এগিয়ে নিতে পিসিবিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এখানে কিছু পদ্ধতিতে পরিবর্তন আনতে চান জানান মিয়াদাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিসিবি একটি লাভজনক প্রতিষ্ঠান, যেখানে কখনো আর্থিক সমস্যা ছিল না। টিভি স্বত্ব বিক্রি এবং অন্যান্য বিকল্প থেকে আয় আরো বাড়ানো যায়। পর্যাপ্ত অর্থ থাকায় এক সময় অন্য ক্রীড়া ক্ষেত্রে সহায়তা দিত পিসিবি।’ তিনি বলেন, দক্ষতা বাড়াতে এবং বিশেষজ্ঞদের কাজে লাগানোর জন্য পিসিবিতে একজন সাবেক টেস্ট ক্রিকেটার থাকা খুবই গুরুত্বপূর্ণ। সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রাক্তন টেস্ট লেগ স্পিনার আব্দুল কাদির, একসময়ের জাদরেল টেস্ট ব্যাটসম্যান জহির আব্বাস, টেস্ট ওপেনার মহসিন খান এবং সাবেক অধিনায়ক আমির সোহেলও ইতোমধ্যেই পিসিবি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। বাসস