পেশাদার ফুটবল লিগ আয়োজন অনিশ্চিত
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২১:৪৪
এমনিতেই একটু দেরিতে দলবদলের তারিখ ঘোষণা করা হয়েছিল। তার উপর দফায় দফায় খেলোয়াড় দলবদলের সময় বৃদ্ধি করা, ঈদ, পূজা এবং ক্লাবগুলোর দাবির কারণেও খেলোয়াড় দলবদলের সময় বাড়ানো হয়। এখন সময় বাড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পড়েছে দুশ্চিন্তায়। কারণ দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ফুটবল মৌসুমকে জটিলতার মধ্যে ফেলেছে। যে কারণে পেশাদার ফুটবল লিগ এবছর মাঠে গড়াবে কিনা তা নিশ্চিত না ফেডারেশন।
বাফুফে আগেই জানিয়েছিল ফেডারেশন কাপ ফুটবল শেষ করে ডিসেম্বর নাগাদ পেশাদার ফুটবল লিগ মাঠে গড়াবে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে খেলা আয়োজন করাটা কঠিনই হয়ে পড়ছে। সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অন্য দিকে বিরোধী দল দিচ্ছে কর্মসূচি। এই পরিস্থিতি মোকাবেলা করে দেশের সর্ব বৃহত্ ফুটবল লড়াই পেশাদার লিগ কিভাবে মাঠে গড়াবে নিয়ে অশনি সংকেত দেখতে পাচ্ছেন বাফুফের কর্মকর্তারা।
নাম প্রকাশ না করে বাফুফের একজন দায়িত্বশীল ব্যক্তি মত দেন ডিসেম্বরে পেশাদার লিগ মাঠে গড়ানোর সুযোগ কম। তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এই অবস্থায় খেলা আয়োজন করাটা কঠিন। কোনো ভাবেই ঝুঁকি নিয়ে খেলা মাঠে গড়ানো যাবে না। পরিস্থিতি শান্ত হলেও লিগটা নামমাত্র শুরু হতে পারে। কিন্তু প্রকৃত পক্ষে পুরো লিগটাই হবে ২০১৪ সালে। ক্লাবগুলো মনে করছে খেলোয়াড় দলবদলের সময়টা বেশি লম্বা থাকায় সে কারণে অনেক সময় চলে গেছে। একজন ক্লাব কর্মকর্তা জানান, দলবদলের সময়টা একবছর আগেই জানিয়ে দেয়া ভালো। সেই সাথে লিগের মেয়াদ কমিয়ে আনা ভালো। তাতে সময় বাঁচিয়ে সেটাকে কাজে লাগানো সম্ভব।
এবছর ফুটবল লিগ মাঠে গড়াতে পারবে কিনা সে প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় কথা বলেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তিনি মনে করছেন লিগ মাঠে গড়িয়ে দেয়া সম্ভব। তবে খুব বেশি খেলা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তা বলা কঠিন। সালাম মুর্শেদী লিগ আয়োজনের চেয়ে এখন বেশি চিন্তিত খেলোয়াড় দলবদলটা সম্পন্ন করা নিয়ে।
এ ব্যাপারে তিনি বলেন, আমরা চাইছি আগে দলবদলটা শেষ হোক। তারপর ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করব। সেটা শেষ হলে লিগ নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’ তিনিও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায়। তাই বলে বসে থাকতে নারাজ। সে কারণে বলছেন, ‘আমরা সব কাজ গুছিয়ে রাখছি। পরিস্থিতি বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা ডিসেম্বরে লিগ করার চেষ্টা করব।’ লিগ পেছাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিগ পেছাবে এখনই একথা বলতে পারব না। তবে আমরা ক্লাবগুলোর সাথে আলোচনা করব লিগ নিয়ে।’