জকোভিচ সেমিতে এখনো আশায় ফেদেরার

বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে উঠেছেন। তিনি গত বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোর্তোকে ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে এ কৃতিত্ব দেখান। অপরদিকে রজার ফেদেরার একই রাতে ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে এখনো শেষ চারে ওঠার আশায় আছেন। জকোভিচ জানতেন প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের খেলায় চতুর্থ বাছাই ডেল পোর্তোর বিরুদ্ধে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারবেন। বিশ্বের দুই নম্বর খেলোয়াড়টি শেষ পর্যন্ত প্রায় দুই ঘন্টার কঠিন লড়াই শেষে তার টানা জয়ের সংখ্যা দাড়ালো ১৯। অবশ্য ডেল পোর্তো এ হারের পরও সেমিফাইনালে উঠতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে ফেদেরারের বিরুদ্ধে জিততে হবে। ফেদেরার লন্ডনের ওটু অ্যারিনায় অনুষ্ঠানরত খেলাটিতে ৮১ মিনিটে ফরাসি গ্যাসকোয়েটের বিরুদ্ধে জয়ী হন। প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন সুইস ফেদেরার বছর সমাপনী টুর্নামেন্টটিতে নিজের প্রথম খেলায় সার্বিয় জকোভিচের কাছে পরাস্ত হয়েছিলেন। এ খেলাটিতেও হারলে সেটা হতো ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের জন্য অবমাননাকর হতো। টানা ১২ বারের মতো বছর সমাপনী এই টুর্নামেন্টে খেলতে আসা ফেদেরার ফরাসি তারকার বিরুদ্ধে এ নিয়ে ১৩ খেলার মধ্যে এগারটিতে জিতলেন। জয়ের পর তিনি বলেন,‘আজ এটা ছিল স্রেফ আমার নিজের লড়াই, এটা নিশ্চিত করা যে আমি ঠিক পথেই আছি। আমি ঠিকমতোই খেলেছি, আমার শট নির্বাচনও ছিল সঠিক। রিচার্ড বিপক্ষকে অস্বস্তির মধ্যে ফেলে ভাল কাজই করে। বিশেষ করে তার উচ্চতা ব্যবহার করে, স্পিন ধরিয়ে। সে র্যালি করতেও পছন্দ করে। আমি মনে করি আমার এখন এ ধরনের ম্যাচই দরকার।’ প্যারিস মাস্টার্স জয়ী জকোভিচ আশা করেছিলেন বিশ্বের এক নম্বর হয়ে বছর শেষ করবেন। কিন্তু ওয়াল্ড ট্যুরস ফাইনালসে স্ট্যানিসলাস ওয়ারিনকার বিরুদ্ধে নাদাল জয়ী হওয়ায় এখন আর সে আশা ভেস্তে গেল। তাতে অবশ্য দমে যাননি তিনি। ফলে তার এখনকার লক্ষ্য লন্ডনের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে জয়ী হওয়া। ডেল পোর্তোর বিরুদ্ধে জয়ে সে লক্ষ্যেই এগিয়ে থাকলেন তিনি। নইলে পাচ মাস আগে উইম্বলডনের সেমিফাইনালে দুজনে পাচ ঘন্টা লড়েছিলেন। সে লড়াইয়ের পর এদিনই লন্ডনে দেখা হলো জকোভিচ ও ডেল পোর্তোর। অবশেষ দুজনের হাড্ডাহাড্ডি লড়াইটির সমাপ্তি ঘটে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন জকোভিচের অনুকুলে।