ঢাকা জেলা পরিষদ প্রশাসকের উপর সন্ত্রাসী হামলা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২২:১৪
ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার ওপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। বুধবার রাতে ঢাকা থেকে আশুলিয়ার কুটুরিয়াতে নিজ বাড়ীতে ফেরার পথে তার ওপর এ হামলা চালানো হয়। হামলাকারীরা এ সময় তার ব্যবহূত সরকারি পাজেরো গাড়ীটি ভাংচুর করে। হাসিনা দৌলা জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার কাজ শেষে বাসায় ফিরছিলেন। গাড়িটি বিশমাইল জিরাবো সড়কের সাভার সেনা নিবাস এলাকায় এমপি চেক পোস্টের সামনে পৌঁছামাত্র ১৫/২০ জনের মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার একান্ত সহকারী মো. শাহাবুদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।