পরীক্ষা দিয়ে ঘরে ফেরা হলো না তাসনিমের

পরীক্ষা দিয়ে বাসায় ফেরা হলো না কলেজ ছাত্রী কানিজ ফাতেমা তাসনিমের (১৭)। বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাসনিম মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। শুক্রবার বিকালে পৌনে ৫টার দিকে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের খালা রুবিনা আক্তার আহত হয়েছেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, তাসনিমের দুপুরে কলেজে দ্বিতীয় বর্ষের ইংরেজী পরীক্ষা ছিল। ঐ পরীক্ষায় অংশগ্রহণ শেষে তার খালা রুবিনা আক্তারের সাথে রিকশায় তাদের ৩০, শহীদ ফারুক সড়ক, দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় ফিরছিল। রিকশাটি মতিঝিল শাপলা চত্বরের কাছে পৌঁছালে পিছন দিক থেকে বিআরটিসির দোতলা বাস ধাক্কা দেয়। এতে তারা রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাসনিমকে মৃত ঘোষণা করেন। বাবা আব্দুল ছালেখ হাওলাদার ছুটে যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাসনিমের লাশ ঘিরে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুই বোনের মধ্যে তাসনিম বড়। মা রোকসানা বেগম মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে বার বার মূর্ছা যাচ্ছিলেন। বরিশালের গৌরনদীর মোহনকাঠি গ্রামে তাদের বাড়ি। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান জানিয়েছেন, ঘটনার পর পুলিশ বিআরটিসি দোতলা বাস ও বাসের চালক শাহাবুদ্দিন ফকিরকে আটক করেছে।