আজ প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার মৌলভীবাজার যাচ্ছেন। দুপুর ১২টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশ্যে রওনা হবেন। বিকাল ২টা ৫০ মিনিটে বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এর আগে বড়লেখায় পৌঁছে প্রধানমন্ত্রী এতিম প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ইটাউড়ী মহিলা দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, চান্দগ্রাম এইউ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ও জুড়ী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করবেন। বড়লেখা থানা ভবন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ভবন, কাঠালতলী-মাধবকুণ্ড সড়ক পুনর্বাসন, ধলছড়া উপ-প্রকল্পের হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ, পাথরিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ, বড়লেখা উপজেলায় ৫শ’ আসন বিশিষ্ট অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল, জুড়ী হাসপাতাল ভবন, ৩৩/১১ কেভি মৌলভীবাজার বিদ্যুত্ উপকেন্দ্র-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ প্রমুখ। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৌলভীবাজারের বড়লেখা এখন উত্সবের শহরে পরিণত হয়েছে। সারা শহর জুড়ে আলোকসজ্জা, ডিজিটাল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড শোভা পাচ্ছে। জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।