ঢাকাকে বাঁচাতেই বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৫৩
রাজধানীতে নদী বিষয়ক এক সেমিনারে বক্তারা বলেছেন, ভূমি দস্যুদের দখলবাজি, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্লিপ্ততা এবং নাগরিক সচেতনতার অভাব ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকে মৃতপ্রায় করে তুলেছে। এখনই ব্যবস্থা না নিলে নদীটিকে আর রক্ষা করা যাবে না। তারা বলেন, ঢাকাকে বাঁচাতেই বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। তারা সংশ্লিষ্টদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত করার আহবান জানিয়েছেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম সংস্থা ‘ঘাসফুল’ আয়োজিত ‘নদী বাঁচাও, ঢাকা বাঁচাও’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনারে বক্তারা এই আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে নদী ও জলাশয়ের উপর শাকিল হোসেনের একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যাতে স্থান পায় ক্রমে মরে যাওয়া একটি নদীর জীবনচিত্র।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রবীণ গবেষক অধ্যাপক নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নদী বিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপল’ এর সেক্রেটারি জেনারেল শেখ রোকন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ বিশেষজ্ঞ দ্বিজেন শর্মা, কথা সাহিত্যিক ড. রেজাউর রহমান, মনোবিজ্ঞানী অধ্যাপক ড. মেহতাব খানম, ইউএনডিপির সিনিয়র এডভাইজার ড. আমিনুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, ‘বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সভাপতি মিহির চন্দ্র বিশ্বাস, দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক সোহরাব হাসান এবং দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন।