বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার্থী কমছে

বিজ্ঞান চর্চায় বিশ্বের অন্যান্য দেশ এগিয়ে চললেও বাংলাদেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, কর্মক্ষেত্রেও বিপুল সংখ্যক দক্ষ জনবলের সংকট দেখা দিয়েছে। শুধু চট্টগ্রামেই গত ১০ বছরে বিজ্ঞানের শিক্ষার্থী ৩৬ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে। গত ৭ নভেম্বর চট্টগ্রাম চেম্বারে এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় চিটাগাং রিসার্চ ইনেশিয়েটিভ (সিআরআই) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ সময় স্কুল-কলেজে বিজ্ঞান শিক্ষার হালচাল নিয়ে বিশেষ গবেষণামূলক হালখাতা চট্টগ্রাম নামে বার্ষিক প্রতিবেদন-২০১৩ প্রকাশ করা হয়। উক্ত গবেষণামূলক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিজ্ঞান শিক্ষার এ ক্রমসংকোচনের ফলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সাবেক প্রেসিডেন্ট ড. শমসের আলী, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারী সালাউদ্দিন কাসেম খান, বাংলাদেশস্থ জাইকার কান্ট্রি ডাইরেক্টর তাকাও তোদা প্রমুখ।