হ্যাক হলো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ওয়েবসাইট

ইন্টারনেট বিশ্বে আতংক ছড়ানো হ্যাকারদের দল ‘অ্যানোনিমাস’ এবারে হ্যাক করেছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙের ওয়েবসাইট। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে হ্যাকারদের দমন করার ঘোষণা দেওয়ার একদিনের মাথাতেই এই সাইট হ্যাক করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে হ্যাকারদল অ্যানোনিমাস। সাইটটি হ্যাক করে তারা তাদের নিজেদের পরিচিত লোগোটি পোস্ট করেছে এই ওয়েবসাইটে। এর সাথে তারা লিখে দিয়েছে, ‘আজকের দিনে সিঙ্গাপুরের অধিবাসী হওয়াটা অত্যন্ত আনন্দের।’ সিঙ্গাপুরের ইন্টারনেট এবং ফোন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই হ্যাকিংয়ের খবরটি স্বীকার করে নেওয়া হয়েছে। তবে পুরো ওয়েবসাইট নয়, মূল ওয়েবসাইটের কিছু পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছে তারা। তারা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর মূল ওয়েবসাইটটি সচল রয়েছে। আর যে ওয়েবপেজগুলো হ্যাক করা হয়েছে, সেগুলোকে রিস্টোর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’