থেমে নেই সাগর পথে মানব পাচার
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৫২
যতই ধর পাকড় হোক, লেখালেখি হোক আর যতই প্রাণ যাক না কেন তারপরও থেমে নেই সাগর পথে মানব পাচার । মানব পাচার চক্র টেকনাফকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে সাগর পথে মানব পাচার অব্যাহত রেখেছে। টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২১ মালয়েশিয়াগামীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির আওতাধীন দমদমিয়া বিওপি চেক পোস্টে টেকনাফমুখী সৌদিয়া বাস তল¬াশি চালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য আসা ১৫ যাত্রীকে আটক করে। এছাড়া একইদিনে শাহপরীর দ্বীপ বিওবি বিজিবির সদস্যরা নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ৬ মালয়েশিয়া যাত্রী আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা যশোর, ভৈরব ও দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি। আটককৃতদের ভিকটিম হিসাবে থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত পরিচালক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান। এদিকে একটি চক্র রাতারাতি কোটিপতির স্বপ্নে দেশি-বিদেশি লোকজনকে সাগর পথে মালয়েশিয়া পাঠিয়ে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে যাচ্ছে। মালয়েশিয়া যেতে গিয়ে অনেক লোক সাগরে প্রাণ হারিয়েছে আবার হাজার হাজার লোক ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড ও মিয়ানমার কারাগারে আটক হয়ে মানবেতর জীবন-যাপন করছে।