পিরোজপুরের কচানদীতে
বেকুটিয়া ফেরি
৭ ঘন্টা অচল
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৫৪
খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কচানদীর বেকুটিয়া-নলবুনিয়া নৌ-রুটে ফেরি চলাচল গতকাল শনিবার ৭ ঘন্টা বন্ধ থাকায় এ রুটে পরিবহন ব্যবস্থায় মারাত্মক বিশৃংখলা দেখা দেয়।
গতকাল সকাল ১০টার দিকে কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে গাড়ি নিয়ে একটি ফেরি ছেড়ে কচানদীর মাঝে বিকল হয়ে যায়। ফেরিটি জোয়ার-ভাটায় ভাসতে ভাসতে এক পর্যায়ে বিকেল ৩টার দিকে পিরোজপুরের নলবুনিয়া প্রান্তে আসে। এ সময় ৫ ঘন্টা ধরে আটকে থাকা বাস ও অন্য যানবাহনের যাত্রীরা ছাড়া পায়। নলবুনিয়া প্রান্তে থাকা আরেকটি ফেরি দুপুরে চালু করে নদী বক্ষে যাওয়ার সাথে সাথে সেটিও অচল হয়ে যায়। সন্ধ্যায় এরমধ্যে একটি ফেরি মেরামত করে পুনরায় চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।
দিনভর এ ফেরি বন্ধ থাকায় পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল ও পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠি রুটের বাস চলাচল বিঘ্নিত হয়। বেকুটিয়া ফেরি অচল থাকায় দিনভর পিরোজপুর-ভান্ডারিয়া হয়ে বরিশাল-খুলনা রুটে যান চলাচল করায় চরখালী-টগড়া ফেরি সার্ভিসে ব্যাপক চাপ পড়ে।