কাপাসিয়ায় এসএসসির ফরম
পূরণে অতিরিক্ত অর্থ আদায়
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৫৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বোর্ড নির্ধারিত ফি এর সাথে কোচিং ফিসহ নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে উপজেলার গরীব ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা বিপাকে পড়েছে। অনেকে অতিরিক্ত টাকা সংগ্রহ করতে গিয়ে ঋণ করতে বাধ্য হচ্ছে।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ফরম পূরণে ১১৪০ টাকা কেন্দ্র ফি ২৫০ টাকা মোট ১৩৯০ টাকা, বিজ্ঞান শাখায় ফরম পূরণ ১২৩০ টাকা কেন্দ্র ফি ২৫০ টাকা মোট ১৪৮০ টাকা। বোর্ডের নির্ধারিত টাকার সাথে ফরম পূরণের পর পরীক্ষার আগে দুই মাস কোচিং করানোর নামে জনপ্রতি মাসে কোথাও ৫শ’ আবার কোথাও ১ হাজার টাকা করে অতিরিক্ত ১ থেকে ২ হাজার টাকা বাধ্যতামূলকভাবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা আদায় করে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দিচ্ছে। যারা অতিরিক্ত টাকা দিতে পারছে না, তাদের ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিভাবক সেজে অনুসন্ধানকালে বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্তের অজুহাত তুলে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করেন। তাদের মধ্যে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম বলেন, ফরম পূরণে ১৮৫০ টাকা এবং বাধ্যতামূলক কোচিং ফি ২০০০ টাকা মোট ৩৮৫০টাকা, হরিমুঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, ফরম পূরণ ফি ১৮৫৫ এবং কোচিং ফি ১৩০০ মোট ৩১৫৫ টাকা, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জানান, ফরম পূরণ ফি ২৫০০ এবং কোচিং ফি ১০০০ মোট ৩৫০০ টাকা, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ফরম পূরণ ফি ২২০০ এবং কোচিং ফি ১০০০ মোট ৩২০০ টাকা নিচ্ছেন। অতিরিক্ত ফি কেন নিচ্ছেন জানতে চাইলে তারা জানান, স্কুল ও মসজিদ উন্নয়ন, যাতায়াত, পানি, বিদ্যুত্ ফি বাবদ নেয়া হয়। পরে সাংবাদিক পরিচয় দিলে বলেন, আমরা অনেক সময় বোর্ড ফি নিয়েও ফরম পূরণ করে থাকি। আপনার কোন ছাত্র কে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি।
এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সম্পর্কে আমার জানা নেই। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেব।