হোঁচট খেল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সামর্থ্য আছে আফগানিস্তানের, কদিন আগেই এমন কথা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন দলের অধিনায়ক গুলবাদিন নাইব। অথচ, বিশ্বকাপ শুরুর যখন দিন দশেক বাকি, তখন তারা বিশ্বকাপে সুযোগ না পাওয়া আয়ারল্যান্ডের কাছে হেরে বসল।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে রবিবার দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আইরিশরা ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পূর্ণশক্তির আফগানদের। ফলে, ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইলিয়াম পোর্টারফিল্ডের দল। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানদের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। মাত্র ২১০ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। পল স্টার্লিল ৭১ ও অধিনায়ক পোর্টারফিল্ড ৫৩ রান করেন। আফগানদের হয়ে দৌলত জাদরান ও আফতাব আলম তিনটি করে উইকেট নেন। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান নেন দুই উইকেট। এই অবধি ঠিকই ছিল। বিপদ আসে আফগানরা ব্যাটিংয়ে নামার পর। মাত্র ৩৫.৪ ওভারেই অল আউট হয়ে যায় সফরকারীরা। এই সময়ে বোর্ডে জমা হয় মাত্র ১৩৮ রান। সাবকে অধিনায়ক আসগর আফগান সর্বোচ্চ ২৯ রান করেন। এর বাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফেরত মোহাম্মদ নবী করেন ২৭ রান। আফগানদের ব্যাটিংয়ের ধস নামান পেসাররা। সবচেয়ে বেশি ঝড় তোলেন মার্ক অ্যাডায়ার। তিনি মাত্র ১৯ রান দিয়ে চারটি উইকেট নেন। এছাড়া দুই অভিজ্ঞ পেসার বয়েড র্যাঙ্কিন তিনটি ও টিম মুরটাঘ দুটি করে উইকেট নেন।