তালায় সরকারি গাছ কাটার হিড়িক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৫
তালায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন সরকারি সড়কের গাছ কেটে দেদারছে বিক্রি করছে। একের পর এক চক্রটি এমন কাজ করে আসলেও প্রশাসনের উদাসীনতার কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপ-শহরের তেল পাম্পের পাশে থেকে সরকারি সড়কের গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ইউনুচ সরদার নামে এক ব্যক্তি। প্রশাসনের নির্দেশে ওই গাছ উদ্ধার করে তালা ডাকবাংলোয় রাখা হলেও পরবর্তীতে তা হাওয়া হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। কেয়ারটেকার নজরুল ইসলাম জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গাছটি উদ্ধার করে ডাকবাংলোয় নিয়ে আসলেও পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে তা একটি কালভার্ট সংস্কারের কাজে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি তালা-পাইকগাছা ও তালা-পাটকেলঘাটাসহ বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়কে একটি সংঘবদ্ধ চক্র সরকারি সড়কের উপর থেকে ইচ্ছেমতো গাছ কেটে দেদারছে বিক্রি করছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে একাজ করা হলেও তারা অজ্ঞাত কারণে কিছুই বলছে না এমন অভিযোগ এলাকাবাসীর।
বিগত ২০০১ সালে বে-সরকারি সংস্থা উত্তরণের রোপিত প্রায় ৩০ হাজার গাছ কেটে নেয় একটি সংঘবদ্ধ চক্র। তালা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে কোন দপ্তর থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।