কেশবপুরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

কেশবপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিতে গিয়ে পুলিশের সামনে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ বিএনপি নেতাকর্মী আহত হন। গুরুতর আহতরা পার্শ্ববর্তী চুকনগর এলাকার একটি ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছেন। এদিকে হামলায় আহত কেশবপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গৌরিঘোনা ইউনিয়নের চেয়ারম্যানের ভাংচুর করা মোটর সাইকেলটির হদিস এখন মেলেনি। জানা গেছে, শুক্রবার সকালে ভেরচী বাজারে গৌরীঘোনা ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেকার দ্বন্দ্ব নিরসনে কেশবপুর থানা ও ডুমুরিয়া থানা পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা বিষয়ক এই সভার আয়োজন করে। এ সভায় যোগ দিতে আসেন চেয়ারম্যান এসএম আলী রেজা ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের উপর ক্ষমতাসীন দলের ক্যাডাররা হামলা চালায়। হামলায় চেয়ারম্যান এসএম আলী রেজা, গফ্ফার হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল হালিমসহ ১০ জন আহত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ সভা করে।