তিন স্থানে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৩ জনের অপমৃত্যু হয়েছে। নীলফামারী জলঢাকা উপজেলার গড় ধর্মপাল গ্রামে গত শুক্রবার দীপু রায়ের স্ত্রী অলকা রানী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বামীর সাথে ছোট বোনের অবৈধ সম্পর্কের জেরে আত্মহত্যা করে বলে জানা যায়। চাটমোহর (পাবনা) পাবনার চাটমোহর উপজেলার বোঁথর ফকিরপাড়া গ্রামে গত শুক্রবার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিয়া খাতুন (১৩) নামে জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে। সে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। টঙ্গী (গাজীপুর) টঙ্গীতে গতকাল শনিবার শেষরাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইলিয়াস আলী (২৬) নামে ট্রেনের এক যাত্রী মারা গেছেন। দুর্বৃত্তরা তাকে নেশা জাতীয়দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।