ডোমারে নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতি উত্সাহী মনোভাবের কারণে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দখানা জিআর উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান বরাবর দায়ের করা অভিযোগে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি সম্প্রতি শূন্য হয়। প্রধান শিক্ষকের শূন্য পদে বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে। বিধি বহির্ভূতভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে পঞ্চম শিক্ষক শহীদুল আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এমনি নানা অনিয়মের অভিযোগ দাখিল করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজওয়ানুল কবীর। তার আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যেমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে ডোমার উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের সুপারিশ করেন। পত্র প্রাপ্তির পর ডোমার উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন, যা এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার পূর্বে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শনিবার নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি শেষ করেছে। এ ব্যাপারে নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা বেগম জানান, আদালতের আদেশ ছাড়া পরীক্ষা স্থগিত হবে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বেগম জানান, নিয়োগ পরীক্ষার কোন প্রকার কাগজপত্র পাইনি।