‘আরাফাতের মৃত্যুর জন্য
ইসরাইলই দায়ী’
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪০
ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয়নি এবং তার এই মৃত্যুর জন্য ইসরাইল ‘একমাত্র সন্দেহভাজন’ বলে দাবি করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ নিযুক্ত একটি তদন্ত কমিটি। তবে ইসরাইল এ অভিযোগ অস্বীকার করেছে। ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান তওফিক তিরাবী গত বৃহস্পতিবার রামাল্লায় বলেছেন, ‘বার্ধক্য বা ভগ্ন স্বাস্থ্যের জন্য যে তাঁর (আরাফাত) মৃত্যু হয়নি এটা পরিষ্কার। আরাফাতকে হত্যার জন্য পোলোনিয়াম না অন্য কিছু ব্যবহার করা হয়েছিল এবং এ কারণেই ইয়াসির আরাফাত মারা গেছেন কিনা, নাকি অন্য কোন কারণে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। সিকিউরিটি এবং মেডিক্যাল কমিশনের একজন সদস্য হিসেবে আমার কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে বলছি ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছে এবং ইসরাইলই তাকে হত্যা করেছে।’ তিরাবি আরো বলেছেন, তিনি মনে করেন তদন্ত করলে ইসরাইলের জড়িত থাকার ব্যাপারটি প্রমাণ হবে বলেই তিনি বিশ্বাস করেন। এর আগে সুইস বিশেষজ্ঞদের এক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, কবর থেকে তোলার পর আরাফাতের দেহে স্বাভাবিকের চাইতে অনেক বেশি তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় পোলোনিয়াম বিষ প্রয়োগের প্রমাণ পেয়েছেন এবং এ বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ঐ বিশেষজ্ঞরা।