প্যারিসে সঙ্গীতানুষ্ঠানে
বিস্ফোরণে আহত ১৫
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪২
ফরাসি বিপ্লব নিয়ে একটি সংগীতানুষ্ঠান শুরুর আগে প্যারিসের একটি মুক্তমঞ্চে পটকা বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। মঞ্চটিতে ‘১৭৮৯, দ্য লাভারস অব দ্য বাস্তিল’ নামের একটি প্রযোজনা মঞ্চায়নের প্রস্তুতি নেয়া হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্য লার্জ প্যালায়িস দেস স্পোর্তস ভেন্যুতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। আহতরা সবাই প্রযোজনার সদস্য বা মঞ্চেরকর্মী। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক যন্ত্রকুশলীর ভুলে পটকায় আগুন ধরে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। প্যারিসের স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, পটকাগুলোর কাছে একটি ড্রিলিং মেশিন ব্যবহার করার সময় সেগুলোতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকল বাহিনীর ১২টি অগ্নিনির্বাপক গাড়ি ও ১শ’ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভিলাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।