‘কোহলি সবার জন্যই আদর্শ’

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে র্যাংকিয়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। সবচেয়ে কম ম্যাচ খেলে তিনি পৌঁছে গেছেন ১০ হাজার রানের মাইলফলকে। দ্বিতীয় স্থানে আছেন স্বয়ং শচিন টেন্ডুলকার। শচিনের চেয়ে ৫৪ ম্যাচ কম খেলে এই মাইলফলকে পৌঁছেছেন কোহলি।

সাবেক ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় তাই মনে করেন, কোহলি নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন যেখানে সবাই তাকে অনুসরণ করতে বাধ্য। তিনি বলেন, ‘কোহলি প্রতিনিয়ত উন্নতি করছে, নিজেকে আরো এগিয়ে নিচ্ছে। ও নিজের মানটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে যেখানে ওকে সবাই অনুসরণ করতে বাধ্য। ও সবার জন্যই আদর্শ।’

ওয়ানডেতে রেকর্ড ৪৯টি সেঞ্চুরি করেছেন শচিন। একটা সময় যে রেকর্ড ছোয়াকে দুঃসাধ্য বলে মনে হত, তার খুব কাছাকাছি চলে এসেছেন কোহলি। আর মাত্র আট সেঞ্চুরি করলেই তিনি ছুয়ে ফেলবেন লিটল মাস্টারকে।

দ্রাবিড় মনে করেন, খুব শিগগিরই শচিনকে টপকে যাবেন বিরাট। তিনি বলেন, ‘শচিন ৪৯টি সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে। লোকে ভাবতো এই রেকর্ডটা হয়তো সহসাই ভাঙবে না। কিংবা কখনোই ভাঙবে না! অথচ, বিরাট রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গেছেন।’

দ্রাবিড় মনে করেন বাজে সময়গুলো বিরাটের মধ্যে বড় একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। তিনি বলেন, ‘বিরাটেরও বাজে সময় আসে। যেমন ইংল্যান্ডের মাটিতে ২০১৪ সালের সফরটা তার ভালো কাটেনি। এমনকি, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সফরেও ও ছন্দে ছিল না। কিন্তু, প্রতিটা বাজে সময় কাটিয়ে ও যখন ফেরে তখন নিজের মধ্যে আরো অনেক উন্নতি নিয়েই ফেরে। এটাই বাকিদের সাথে ওর পার্থক্য। ও প্রতিনিয়ত নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে।’

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। শেষ হবে ১৪ জুলাই। ভারতের বিশ্বকাপ অবশ্য একটু দেরিতেই শুরু হবে। আগামী পাঁচ জুন তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জিততে এবার বোলারদের বেশি ভূমিকা রাখতে হবে মনে করছেন দ্রাবিড়।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের এই কোচ বলেন, ‘এবারের বিশ্বকাপে বোলিং বিভাগগুলোর বড় ভূমিকা রাখতে হবে। আমি মনে করি যে দলের বোলিং সবচেয়ে ভালো হবে, তারাই বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। ভারতের বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালের মত বোলার আছে যারা উইকেট নিতে পারদর্শী। মাঝের ওভার গুলোতে উইকেট নিতে পারলে প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলার সুযোগ বাড়বে।’

ক্রিকেট ইতিহাসের প্রথম তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই ইংল্যান্ডে। এরপর সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এবার আবার বিশ্বকাপ ফিরছে তার আতুরঘরে। ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই রাহুল দ্রাবিড়। সেবার তিনি ৬৫.৮৫ গড়ে করেছিলেন ৪৬১ রান।

তবে, ২০ বছরে ইংল্যান্ডের কন্ডিশন অনেকটাই পাল্টে গেছে। তিনি বলেন, ‘১৯৯৯ সালের বিশ্বকাপটা যেমন হয়েছিল এবার তেমনটা হবে না। সেবার প্রায় ম্যাচেই খুব কম রান হচ্ছিল। আমার মনে হয় না এবার তেমনটা হবে। এবার অনেক রান হওয়ার কথা। দেখা যাবে ৩০০ রানটাই হবে স্বাভাবিক স্কোর। আর ৩০০ তাড়া করে অনেক দলই স্বাচ্ছন্দ্যে জিতে যাবে।  ইংল্যান্ডের কন্ডিশন এখন অনেকটাই পাল্টে গেছে। সেকালের ইংল্যান্ডে অনেক বেশি বল সুইং করতো। বোলাররা সিম মুভমেন্ট কাজে লাগতে পারতেন। এখনকার উইকেটগুলো অনেক ফ্ল্যাট, ফলে বিস্তর রান হতে পারে। ফলে, বোলারা যদি মাঝের ওভারগুলোতে উইকেট ফেলতে পারে, তবেই জয়ের সম্ভাবনা বাড়বে।’