খুলনার রূপসা নদীতে অষ্টম নৌকা বাইচ

কয়রা উপজেলার মেঘদূত চ্যাম্পিয়ন

বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার রূপসা নদীতে গতকাল শনিবার অনুষ্ঠিত অষ্টম নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার কয়রা উপজেলার মেঘদূত চ্যাম্পিয়ন, ডুমুরিয়া উপজেলার টাইগার রানার্স আপ এবং তেরখাদা উপজেলার সবুজ সংঘ তৃতীয় স্থান দখল করে। তিনটি দলের ২৬টি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নৌকা বাইচ চলাকালে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থী নৌকা বাইচ উপভোগ করেন। বেলা ২টায় নগরীর ১ নম্বর কাস্টমঘাট থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত রূপসা সেতু এলাকায় এ প্রতিযোগিতা চলে। বাংলা লিংকের সহযোগিতায় খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ নৌকা বাইচের আয়োজন করে। নৌকা বাইচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি মেয়র মো: মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড মো: বাবুল হক, পি আর এন্ড কমিউনিকেশনের সিনিয়র এ্যাসিসটেন্ট ম্যানেজার খন্দকার আশিক ইকবাল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, র্যাব ৬-এর পরিচালক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, রূপসা উপজেলা চেয়ারম্যান আলী আকবর শেখ, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদ, উপদেষ্টা শেখ আশরাফ-উজ্জ-জামান প্রমুখ। নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সাথে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।