৪১ রানে এগিয়ে অনূর্ধ্ব ১৬ দল

সিরিজের শেষ তিনদিনের ম্যাচের তৃতীয় দিন শেষে সফররত ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব ১৬ দলের বিপক্ষে চার উইকেট হাতে রেখে ৪১ রানের লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দল। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই ২১২ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা। আগের দিনে আট উইকেটে ২০৪ রান নিয়ে দিন শুরু করা মধ্য প্রদেশ গতকাল আর মাত্র আট রান যোগ করেই বাকি দুটি উইকেট হারিয়ে ফেলে। দিনের দুটি উইকেটই নিয়েছেন শফিউল হায়াত্ হূদয়। এই নিয়ে ইনিংসে তিনটি উইকেট নিলেন তিনি। আগের দিন তিনটি উইকেট নিয়েছিলেন নাঈম হাসান। জবাবে মাত্র পাঁচ রানের মাথায় ওপেনার ওমর ফারুকের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর আফিফ হোসেনের সাথে জুটি বাঁধেন আরেক ওপেনার পিনাক ঘোষ। এই দুজন মিলে ১২৪ রান যোগ করেন। পিনাক ঘোষ অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ১৫৭ বল খেলে ১৪টি চারে ৯৫ রান করার পর রিতেশ শক্য’র বলে আউট হয়ে ফিরে যান। আর আফিফ হোসেনও ৪৩ রান করে আউট হয়ে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর দ্বিতীয় দিনের খেলা শেষ হবার আগ পর্যন্ত ছয় উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ। ৪৭ রানের জুটি গড়ে অপরাজিত আছেন জাকির আলী অনিক (৩৫*) ও কাজী অনিক ইসলাম (১৬*)। সফরকারীদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাগর শর্মা। এছাড়া রিতেশ শক্য নেন দুটি উইকেট। সাধারণ সম্পাদকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল যাত্রাবাড়ী ক্রীড়াচক্র যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছে ক্লাবটি। সেইসাথে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানায় যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। আগামী শুক্রবার বাদ জুমা সংগঠন প্রাঙ্গনে খায়রুল আলম মোল্লা স্মরণে সংগঠনের পক্ষ হতে শোকসভা ও দোয়া মাহফিরের আয়োজন করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তির