কলকাতাকে মনে রাখবেন শচীন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪৭
ব্যাট হাতে আউট হয়ে গেছেন মাত্র ১০ রানেই। তারপরও রহিত শর্মা, মোহাম্মদ সামি ও রবিচন্দ্র অশ্বিনের দাপটে জয় পেতে সমস্যা হয়নি ভারতের। এতোকিছুর পরও আলোটা থাকলো ওই একজনের উপরই। সেই ‘একজন’ শচীন রমেশ টেন্ডুলকার বিদায় বেলায় এসেও পা মাটিতেই রাখছেন। কলকাতার ইডেন গার্ডেনে শেষ টেস্ট খেলার পর তিনি জানালেন, কলকাতা সব সময়ই তার হূদয়ের জায়গা ধরে রাখবে।
গত শুক্রবার তৃতীয় দিনেই শেষ হয়ে যায় কলকাতা টেস্ট। এরপরই কলকাতা ছেড়ে আসে টিম ইন্ডিয়া। কলকাতাকে বিদায় জানান টেন্ডুলকার। ফেরার আগে আনন্দবাজারকে তিনি বলেন, “কলকাতা প্রথম বছর থেকেই আমাকে এমন ভালবাসা দিয়েছে যে, আমি বলতে পারব না এ বারে আরও বেশি ভালবাসো। হ্যাঁ, এ বার হয়তো সব কিছু আরও বড় করে হয়েছে কিন্তু আন্তরিকতাটা প্রতি বার একই রকম। এই উত্তাপটা আমার জীবনের সম্পদ। বিদায় বেলায় আপনার কাগজের মাধ্যমে শুধু বলি, আমাকে এ রকমই ভালবেসে যাবেন। মাঠে হয়তো আর থাকলাম না। মাঠের বাইরে তো আছি।’ এই ইডেন মাঠে টেস্ট আর ওয়ানডে মিলিয়ে বাইশ বছরে ছাব্বিশ ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। মোট রান ১৩৬৮। ওয়ানডে তে এখাতে তার গড় ৪৯.৬০। আর টেস্ট গড় ৪৫.৮৯। যথেষ্ট ভাল। কিন্তু শচীনের জন্য কলকাতা মানেই নতুন এক চ্যালেঞ্জ, ‘প্রতিবার এখানে এয়ারপোর্টে নামার পর থেকেই অন্যরকম বলে মনে হয়।’কলকাতার লড়াই শেষ হল। এবার মুম্বাইতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামবেন শচীন। ১৪ নভেম্বর শচিনের ঘরের মাটিতেই শুরু হচ্ছে শচিনের শেষ টেস্ট। এর মধ্য দিয়ে শেষ হবে ২২ বছরের এক অনবদ্য ইতিহাসের। শেষ বেলায় এসে কি মন একটু হলেও কাঁদছে না কিংবদন্তীর। না! আরেকবার পেশাদারিত্বের অন্যতম সেরা এক নিদর্শন স্থাপন করে গেলেন তিনি, ‘জীবনে তো এক দিন না এক দিন এই মুহূর্তটা আসতই। এসেছে যখন, মন খারাপ করে লাভ নেই।’