হোয়াটমোরকে বাদ দিচ্ছে পাকিস্তান

পাকিস্তান দল তাদের বর্তমান কোচ ডেভ হোয়াটমোরের উত্তরসূরি খুঁজছে। শুধু তাই নয়, আগামী মাসে আবুধাবীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই এই পরিবর্তন আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অস্ট্রেলীয় কোচ হোয়াটমোর ও ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেনসহ বিদেশি কোচদের অব্যাহতি দেয়ার ব্যাপারে উপায় বের করা নিয়ে কাজ করছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই কোচিং স্টাফদের বোর্ডের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির প্রধান নাজাম শেঠি। দক্ষিণ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ হারার পর শুক্রবার রাতে তিনি আবুধাবীতে সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামী বছরের শুরুর দিকে হোয়াটমোরের সাথে পিসিবির দুই বছরের মেয়াদ শেষ হবে। বোর্ড আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল যে, তারা আর এই অস্ট্রেলীয় কোচের সাথে চুক্তি নবায়ন করতে অনিচ্ছুক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, হোয়াটমোর নিজেও আর চুক্তি নবায়নে আগ্রহী নন। দৃশ্যত তিনি এখন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাথে কোন একটি ভূমিকায় যুক্ত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। এদিকে শেঠি জানিয়েছেন দলের সিনিয়ররা যতদিন ফিট থাকবে ততদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবে। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে সিনিয়র ব্যাটসম্যান ইউনুস খান দলের অংশ হতে পারেন। এ বছরেই দক্ষিণ আফ্রিকা সিরিজে খারাপ করার পর তাকে বাদ দেয়া হয়েছিল। তিনি অবশ্য আবার ওয়ানডে খেলতে চান বলে জানিয়েছেন। পিসিবি প্রধান জানিয়েছেন, চলতি সিরিজের ফলাফল নিয়ে তারা চিন্তিত নন। কারণ পাকিস্তান দলের লক্ষ্য আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা।