টানা জয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিল ইংল্যান্ড

ওয়ানডে ক্রিকেটে

পাকিস্তানের টানা ১০ম হার

 স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতেও পাকিস্তানকে অনায়াসে হারালো। ৫৪ রানের এই হারের ফলে পাঁচ ম্যাচের এই সিরিজে ৪-০ জয়ের সুবাদে আত্মবিশ্বাসী হয়েই বিশ্বকাপে অংশ নিবে এবারের আয়োজকরা।

কিন্তু ইংল্যান্ড নির্বাচকদের জন্য বিশ্বকাপের দল ঘোষণা কঠিন করে তুললে সিরিজে তাদের খেলোয়াড়দের নৈপুণ্য। আজই তারা চূড়ান্ত দল ঘোষণা করবে। এ ব্যাপারে অধিনায়ক ইয়ন মর্গান বিবিসি রেডিওকে বলেন, ‘এ মুহূর্তে আমি ১৭ জনকেই নিতাম। এটা হতে যাচ্ছে খুবই কঠিন একজন নির্বাচন।’

জো রুটের ৮৪ ও অধিনায়ক মর্গানের ৭৬ রানে ইংল্যান্ড গত রবিবার রাতে লিডসের হেডিংলিতে  অনুষ্ঠিত এ খেলায় নয় উইকেটে ৩৫১ রান তুলেছিল। এরপর ক্রিস ওকসের ৫৪ রানে পাঁচ উইকেট দখলের নৈপুণ্যে পাকিস্তানের হার অবধারিত হয়ে ওঠে।

ওয়ানডে ক্রিকেটে এটা হলো— পাকিস্তানের টানা ১০ম হার।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমদ ও বাবর আজম দলীয় ছয় রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর ১৪৬ রানের ভাগিদারী গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। দুজনেই রান আউট হন এবং এরপর সফরকারীরা ২৯৭ রানে অলআউট হয়ে যায়। শুরুতে বিপর্যয়ের পরও দলটি যে তিনশর কাছাকাছি চলে এসেছিল, সেটাও একটা ইতিবাচক দিক বলেই মানছেন তারা।

বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড আজ দল ঘোষণার পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যেগুলো ওয়ানডে হিসেবে স্বীকৃত হবে না। খেলা দুটি হলো—আগামী শনিবার অস্ট্রেলিয়া ও এর একদিন পর সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে। ইয়ন মর্গানের দল অধরা বিশ্বকাপ জয়ের অভিযানে নামবে ৩০ মে উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে।

ইয়ন মর্গান খেলাটির পর বলেন, ‘আমি খেলোয়াড়দের জন্য খুবই গর্বিত। বিশেষ করে পুরো সিরিজে তারা যেভাবে নৈপুণ্য দেখিয়েছে। দলের মধ্যে পরিবর্তনের কারণে নৈপুণ্যেও ছিল ধারাবাহিকতা। এটা দেখিয়েছে স্কোয়াডের মধ্যে ক্ষুধা কতটা এবং কাউকেই দোষারোপের সুযোগ ছিল না।’ পরাস্ত অধিনায়ক সরফরাজ বলেন,‘বিশ্বকাপের জন্য আদর্শ কিছু নয়। তবে আমার আত্মবিশ্বাসী যে আমার ব্যাটসম্যানরা তৈরি। বোলিং ও ফিল্ডিং যথাযথ মানে নেই। রান তোলার ব্যাপারে আমরা ইতিবাচক। কিন্তু ফিল্ডিংয়ের বিষয়টি আমাদের ঠিক করতে হবে।’