সোনারগাঁওয়ে ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

জেলার পিয়ারনগর এলাকায় গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে মো. আলাউদ্দিন (৩০) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। পুলিশ ওই রাতেই তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী বটতলা থেকে গত শুক্রবার রাতে যাত্রীবেশে ৩/৪ জনের একটি ডাকাতদল অটোরিক্সা ভাড়া করে মোগরাপাড়া দিকে রওনা হয়। অটোরিক্সাটি পিয়ারনগরে একটি নির্জন এলাকায় এলে তারা আলাউদ্দিনকে জিম্মি করে অটোটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত আলাউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। নিহত আলাউদ্দিনের বাড়ি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বড় সাদিপুর গ্রামে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গতকাল শনিবার সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।