ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২২:৫৯
ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘আবির ফ্যাশন’ গার্মেন্টস কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এসময় শ্রমিকরা বিআরটিসির একটি বাস ও কয়েকটি গার্মেন্টস কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। এতে ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ফতুল্লার কাঠেরপুল এলাকাতে আবির ফ্যাশনের ছাঁটাইকৃত ৯৮ জন শ্রমিককে পুনর্বহালের দাবিতে সকালে অন্য শ্রমিকরা কর্মবিরতি পালন করে রাস্তায় নেমে আসে। পরে শ্রমিকরা মিছিল করে কয়েকটি গার্মেন্টস ভাঙচুর করে। বেলা সোয়া ১১টায় শ্রমিকেরা ফতুল্লার শিবু মার্কেট এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এসে সড়ক অবরোধ করে বিআরটিসির একটি বাস ভাঙচুর করে। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। আহতদের পরিচয় তাত্ক্ষণিক পাওয়া যায়নি।