নিজেদের মাঠে আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের অধিনায়ক হিসেবে নেইমারকে দেখতে চাননা সাবেক বার্সেলোনা ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডমিলসন। অন্য খেলোয়াড়দের নেতৃত্বগুন পরখ করে দেখতেই এমন আহবান জানিয়েছেন তিনি।
পিএসজি ফরোয়ার্ড নেইমার বেশ চোটজর্জর এক মৌসুম কাটিয়েছেন। আসন্ন কোপা আমেরিকার আগে এজন্য তার ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এডমিলসনের মতে, রাশিয়া বিশ্বকাপে অধিনায়কত্বের বাড়তি চাপ নেইমারের পারফর্মেন্সেও প্রভাব ফেলেছিলো। উল্লেখ্য, পিএসজিতে নেতৃত্বের দায়িত্ব ছাড়াই খেলছেন নেইমার। অধিনায়ক হিসেবে কোচ থমাস টুখেলের পছন্দ তার অন্য দুই ব্রাজিল সতীর্থ থিয়াগো সিলভা ও মার্কিনহোসই।
বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরুর বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বে লড়াইয়ে নামবে স্বাগতিক ব্রাজিল। এর আগে নেইমার ছাড়া অন্য অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নেতৃত্বের ভার দেয়ার পরামর্শ দিয়ে এডমিলসন বলেন, ‘এই মুহূর্তের সম্ভাব্য সেরা দলটিই কোপার জন্য বেছে নেয়া হয়েছে। এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন যারা ইতোমধ্যেই অধিনায়কত্ব করেছেন। এটা একান্তই আমার নিজস্ব মতামত, নেইমারের উপর অধিনায়কের দায়িত্ব দেবার এটা সঠিক সময় নয়।’ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ভার তিতের উপরই ছেড়ে দিচ্ছেন তিনি, ‘তারপরেও চূড়ান্ত সিদ্ধান্ত তিতেই নিবেন। এখানে বিতর্ক থাকতেই পারে। প্রতিটি পজিশনেই আমাদের বেশ কয়েকজন বিকল্প খেলোয়াড় আছে। এটা স্পষ্ট যে ঘরের মাঠে কোপা আমেরিকা জয়ের বাড়তি একটি চাপ তিতের ওপর রয়েছে।’ বাসস