অবশেষে মালদ্বীপে শান্তিপূর্ণ নির্বাচন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০০
একের পর এক বাধার পর অবশেষে মালদ্বীপে গতকাল শনিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে এর আগে আরও দুবার নেয়া নির্বাচনের উদ্যোগ ব্যর্থ হয়। এছাড়া প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর গত ২১ মাস ধরে দেশটিতে অশান্তি চলছিল। গতকাল মোট ৪৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। আজ রবিবার ফল প্রকাশ করা হবে। খবর এএফপির।
সূত্র জানায়, নির্বাচনে ৩ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এরা হলেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, মামুন আবদুল গাইয়ুমের সত্ভাই আবদুল্লাহ ইয়ামেন ও ব্যবসায়ী কাশিম ইব্রাহিম। তিন প্রার্থীর একজনও যদি ৫০ শতাংশেরও বেশি ভোট না পান তবে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। একসময়ের রাজনৈতিক বন্দী ও পরিবেশ কর্মী মোহাম্মদ নাশিদ ২০০৮ সালে অনুষ্ঠিত বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। এর মধ্য দিয়ে মামুন আবদুল গাইয়ুমের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। কিন্তু বিচার বিভাগসহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতভেদের কারণে ২০১২ সালের ফেব্রুয়ারিতে নাশিদ পদত্যাগে বাধ্য হন। একে তিনি ‘অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন। এর পর চলতি বছর ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়। কিন্তু ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এ অভিযোগে ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট দ্বিতীয় দফা অনুষ্ঠেয় নির্বাচন বন্ধ ও প্রথম দফার ভোট বাতিল করে। ফলে নতুন করে ১৯ অক্টোবর নির্বাচনের আয়োজন করা হয়। কিন্তু সংশোধিত ভোটার তালিকা অনুমোদনে অস্বীকৃতি জানান আবদুল্লাহ ইয়ামেন ও কাশিম ইব্রাহিম। ফলে সে উদ্যোগও ব্যর্থ হয়। সংবিধান অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্টকে শপথ নিতে হবে।