পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও

জেএসসি ও জেডিসি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের কারণে তিন দিনের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়া পেছানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- জেএসসির ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায়, ১১ নভেম্বরের পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০টায় এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। আর জেডিসির ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায়, ১১ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বেলা ২টায় এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২২ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে পরীক্ষার সময় পুনর্নিধারণের কথা সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমরা বাধ্য হচ্ছি অন্যায়ভাবে, চরম চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিতে। হরতালে ছেলে-মেয়েদের ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। তাই পরীক্ষার সূচি পেছানো হলো। তিনি আরো বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষা সমাপনী ও মূল্যায়নের মাস। এই মাসেই শিক্ষার্থী, অভিভাবকসহ আমরা পুরো জাতি অনিশ্চয়তার মধ্যে পড়েছি। এসময় হরতালের কারণে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে সমস্যা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এই হরতালের মধ্যে বই পৌঁছানোর কাজ কঠিন। এছাড়া বই ছাপানো-বাঁধানোসহ অন্যান্য কাজতো রয়েছেই। এর আগে হরতালের কারণে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। জেএসসিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান এবং ১২ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ১০ নভেম্বর ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১২ নভেম্বর বাংলা সাহিত্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল প্রথমে ১০, ১১ ও ১৩ নভেম্বর এই তিন দিন হরতার ডাকে। পরে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার হরতাল আরো একদিন ১৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ১৩ নভেম্বর জেএসসিতে শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য বিষয় পরীক্ষা হবার কথা রয়েছে। এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, এই পরীক্ষা পেছানোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে সাংবাদিকদের জানানো হবে। এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১০ নভেম্বর, ১১ নভেম্বর ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ১ম বর্ষ অনার্স, বিবিএ ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার, ইসিই পার্ট-১ প্রথম সেমিস্টার, এমবিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ১৪ নভেম্বর, ইসিই পার্ট-৪ অষ্টম সেমিস্টার পরীক্ষা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট Web: www.nu.edu.bd I www.nubd.info থেকে জানা যাবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার নতুন কোন সময় সূচি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময় সূচি জানানো হবে।