খালেদা জিয়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চান

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় না আসতেই দেশকে একাত্তর বানাতে চান। প্রতিহিংসার আগুনে তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ক্ষমতা দখল করতে চান। তত্ত্বাবধায়ক সরকার ও যুদ্ধাপরাধীদের রক্ষার নামে হরতাল নৈরাজ্য সৃষ্টি করে তিনি মানুষ হত্যা করছেন। এমনকি জনমত উপেক্ষা করে তিনি জেএসসি ও জেডিসির বিশ লাখ কোমলমতি পরীক্ষার্থীর ভবিষ্যত্ অনিশ্চিত করার জন্য পরীক্ষার মধ্যেও দফায় দফায় হরতাল দিচ্ছেন। এ নৈরাজ্য জনগণ কখনোই মেনে নেবে না। তিনি গতকাল শনিবার বিকালে ভোলার দৌলতখান টাউন হল চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তোফায়েল আহমদ আরো বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, সিটি কর্পোরেশনসহ প্রায় ছয় হাজার স্থানীয় সরকার নির্বাচন এ সরকারের আমলেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বদলীয় সরকারই হচ্ছে সুষ্ঠু সমাধান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমুনুর রশিদ বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আলি আজম মুকুলসহ প্রমুখ বক্তৃতা করেন।