সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রচেষ্টায় লিপ্ত
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৮
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অতীতেও কোনো স্বৈরাচারী সরকার জনমত উপেক্ষা করে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের আটক করে ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।
তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপেক্ষা করে বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু সে আশা তাদের কোনোদিনই পূরণ হবে না। অতীতেও এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খন্দকার মাহবুব এ কথা বলেন।
অপর এক প্রেস ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী কোন আইনগত প্রক্রিয়া ছাড়া আইনজীবীদের বাসায় পুলিশের তল্লাশি ও আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর বাসায় কোন ধরনের পরোয়ানা ছাড়াই পুলিশ তল্লাশি চালিয়েছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।
খন্দকার মাহবুব তার ব্রিফিংয়ে বলেন, ১৯৯৪-৯৫ সালে আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭২ দিন হরতাল করেছিলো। পরবর্তীকালে বিএনপি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভূক্ত করে। সেই সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনমত উপেক্ষা করে সংবিধান সংশোধন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়।
প্রেস ব্রিফিংয়ে সমিতির সহ-সভাপতি এডভোকেট বিএম ওয়ালিউর রহমান, এডভোকেট জামিল আক্তার ইলাহী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।