বিএনপি নেতাদের মুক্তি দিয়ে দ্রুত সংলাপে বসুনঃ বি. চৌধুরী

বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে অবিলম্বে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার এক বিবৃতিতে বি. চৌধুরী ও বিকল্পধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান (অব.) বলেন, নির্বাচনের ঘোষণা দিয়ে বিরোধী নেতাদের গ্রেপ্তার গণতন্ত্র ও নির্বাচনের জন্য মোটেও শুভ নয়। এর মাধ্যমে নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা প্রমাণ হয় না। বিরোধী দলীয় নেতাকে সমস্যা সমাধানের জন্য নৈশভোজে আমন্ত্রণ প্রহসনমূলক ছিল কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অবিলম্বে বিরোধী দলীয় নেতাদের মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী নিজেই বিরোধী দলীয় নেতাকে সংলাপের আহ্বান জানাবেন বলেও তারা আশা প্রকাশ করেন।