দেশ ক্রমেই ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, দুই নেত্রীর সংলাপ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে ক্রমেই দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে। সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তির আগুন জ্বালাচ্ছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, সবাই বলছে দুই নেত্রী সংলাপে বসলে সমস্যার সমাধান হবে। শুধু নির্বাচনের জন্য সংলাপে বসে লাভ নেই। শুধু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই সকল সমস্যার সমাধান নয়। দেশের আসল সমস্যা দুর্নীতি ও সন্ত্রাস। দুই নেত্রীকে সংলাপে বসে অঙ্গীকার করতে হবে, তারা আর দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না। কেউ ক্ষমতায় যেতে না পরলে হরতাল, নৈরাজ্য, মানুষ খুনসহ কোন ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড করবেন না এমন প্রতিশ্রুতি দেশবাসীকে দিতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি