সহ-শিক্ষা সংবাদ

শেষ হলো হোয়াইট প্লাস-সেন্ট গ্রেগরী ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

গতকাল শেষ হলো সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়ের ‘গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব’ এর উদ্যোগে আট দিন ব্যাপী ‘হোয়াইট প্লাস-সেন্ট গ্রেগরী হাই স্কুল ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা—২০১৩’ । প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জনাব আসাদ চৌধুরী। এবারের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট ৬৮টি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিশু পর্যায়ে (পঞ্চম—সপ্তম শ্রেণি) ১৬টি, স্কুল পর্যায়ে (অষ্টম — দশম শ্রেণি) ৩২টি এবং ক্লাব পর্যায়ে (কলেজ, বিশ্ববিদ্যালয়) ২০টি দল অংশগ্রহণ করে। শিশু পর্যায়ে ফাইনালে প্রতিযোগিতা করে— সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় ও মতিঝিল গভ: বয়েজ হাই স্কুল, স্কুল পর্যায়ে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং ক্লাব পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি । শিশু পর্যায়ে বিজয়ী হয় সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, স্কুল পর্যায়ে বিজয়ী হয় সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় এবং ক্লাব পর্যায়ে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।