হ লি উ ড ........................
মেগ রায়ান: শখ থেকে সেরা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ১৯:৪৪
মার্গারেট মেরি অ্যামিলি অ্যানি হায়রা। মাত্র ১৬ বছর বয়সে এই তরুনী নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য জন্মস্থান কানেকটিকাট ছেড়ে চলে আসেন আমেরিকার রাজধানী শহরে। পড়ার বিষয় হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। আর লেখাপড়ার অবসরে নিজের খরচ যোগাতে শুরু করেন টুকটাক অভিনয়ও। কে ভাবতে পেরেছিল এই শখই শেষ পর্যন্ত তাকে টেনে নেবে তার হলিউডের আলো ঝলমলে দুনিয়ায়? শুধু কি তাই? রোমান্টিক কমেডি ছবিতে সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে মেগ রায়ান নামটি? শিক্ষক দম্পতি হ্যারি হায়রা এবং সুসান জর্ডানের ঘরে কানেকটিকাটের ফেয়ারফিল্ডে ১৯৬১’র নভেম্বরে জন্মগ্রহণ করেন মেগ। সেখানেই উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে ভর্তি হন কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে। তবে সেখানে কোর্স সম্পন্ন না করে ১৯৭৯’র শুরুর দিকে চলে যান নিউইয়র্কে। ততদিনে অবশ্য বিচ্ছেদ ঘটেছে হ্যারি-সুসানের। ফলে অন্য দুই বোনের মতোই কিছুটা অর্থনৈতিক সমস্যায় পরতে হয় মেগকেও। আর বাড়তি আয়ের উত্স খুঁজতে গিয়েই নিজেকে জড়ালেন অভিনয়ের সঙ্গে। পরিচালক জর্জ কুকরের সর্বশেষ চলচ্চিত্র রিচ অ্যান্ড ফ্যামাসে অভিনয় করেন ছোট একটি চরিত্রে। এরপর ডাক পান টেলিভিশন সিরিজ অ্যাজ দ্য ওয়ার্ল্ড টার্নস এ। দু’বছর সেখানে অভিনয়ের পরেই সুযোগ হয় কম বাজেটের আরেকটি ছবিতে অভিনয়ের।
ততদিনে অবশ্য অভিনয়ের মজাটা বেশ টের পেতে শুরু করেছেন সোনালী চুলের এই অভিনেত্রী। মেগের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় টম ক্রুজের ব্লকবাস্টার হিট টপ গানে ছোট্ট একটি চরিত্র। এরপরেই ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় তাকে নিতে আগ্রহী হয়ে ওঠেন পরিচালকরা। এর তিন বছর পর ১৯৮৯ সালে আসে মেগের অভিনয় জীবনের প্রথম সাফল্য হোয়েন হ্যারি মেট স্যালি। রোমান্টিক কমেডি এই সিনেমায় দুর্দান্ত অভিনয় মেগকে এক ঝটকায় নিয়ে আসে সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের কাতারে। এরপর ক্রমেই মেগ অভিনয় করতে থাকেন প্রায় একই ধরনের সিনেমাতেই। তবে মেগের আকর্ষনীয় শারীরিক গঠন আর সাবলীল অভিনয় দর্শক মনে বিরক্তির বদলে তার প্রতি আকর্ষণ আরো বাড়িয়েই চলে। ১৯৯৩ সালে টম হ্যাঙ্কসের সঙ্গে জুটি বেধে মেগ অভিনয় করেন তার তো বটেই, হলিউড ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা হিসেবে স্বীকৃত স্লিপলেস ইন সিয়াটলে। এরপর হোয়েন এ ম্যান লাভস এ ওম্যান, সিটি অফ অ্যাঞ্জেলস এবং ইউ হ্যাভ গট মেইল সিনেমাগুলো রোমান্টিক সিনেমায় চিরস্থায়ী করে মেগ রায়ানের নামটি। বিখ্যাত টাইম ম্যাগাজিন মেগকে আখ্যায়িত করে রোমান্টিক সিনেমার হূদস্পন্দন হিসেবে। অভিনেতা ডেনিস কোয়াইডের সঙ্গে দশ বছরের বিবাহিত জীবনের পরিসমাপ্তি টানা মেগ গত প্রায় চার বছরে অভিনয় করেননি নতুন কোন সিনেমায়। তবে সম্প্রতি হাফিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, শীঘ্রই অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।