প্র দ র্শ নী ............

যে ছবি কথা বলে

মানুষ সমাজে বেঁচে থাকার তাগিদে মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে, সে ভাষা বেশিরভাগ সময় কথার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আবার কখনোবা সেটা লেখার মাধ্যমে। কিন্তু সেই মনের ভাব, মানুষের সম্পর্কে, জগতের সম্পর্কে কারো মূল্যায়ন কারো অনুভূতি ও অনুধাবন যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তবে যে তা অনন্য রূপ ধারণ করে সেটাই বুঝিয়ে দিলেন শিল্পী শাবেকুন নাহার নওশীন। নিজের কথা বলার অক্ষমতাকে সে নিজের শক্তির জায়গা করে তুলে নিজেকে উপস্থাপন করেছেন বিশ্বের কাছে চিত্রের দ্বারা। আঁঁলিয়স ফ্রঁসেজ ঢাকার গ্যালারী জুম-এ হয়ে গেলো শিল্পী শাবেকুন নাহার নওশীনের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘নিঃশব্দ’। গত ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন আঁঁলিয়স ফ্রঁসেজ ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটের প্রাচ্যকলা অনুষদের অধ্যাপক নাসরিন বেগম এবং এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। এই প্রদর্শনীতে শিল্পী নওশীনের জলরঙ মাধ্যমে আঁঁকা ১৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ২২ বছর বয়সী শিল্পী শাবেকুন নাহার নওশীন ২০১১ সালে বুলবুল একাডেমী অব ফাইন আর্টস থেকে আর্টস ও হস্তশিল্পের উপর ৪ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। রঙের সাহসী ব্যবহারের মাধ্যমে শিল্পী নওশীন প্রায়ই তার শিল্পকর্মে মানুষের আবেগ, বাঙালি নারীর সৌন্দর্য, প্রকৃতি ইত্যাদি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তার প্রতিটি চিত্র ছিলো বেশ অনন্য, এর ভেতরের তত্ত্বগুলো তিনি প্রকাশ করেন ছবির নামের মাধ্যমে। ছবিগুলো ছিল পাবলো পিকাসো অনুপ্রাণিত। প্রদর্শনীটি চলেছে ৭ নভেম্বর ২০১৩ পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিলো। বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ এসে এখানে জড়ো হয় প্রদর্শনী দেখার জন্য। মুগ্ধ দৃষ্টিতে নিঃশব্দে দেখে গহীন কথা বলে যাওয়া চিত্রগাঁথা।