আগামী মাসে মুক্তি পাচ্ছে সামিয়া জামানের নতুন চলচ্চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:১৬
দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্র নিয়ে এলেন গুণী নির্মাতা সামিয়া জামান। চলচ্চিত্রের নাম ‘আকাশ কত দূরে’। অনাথ ছেলে বিচ্ছু (অঙ্কন)। তার জীবন কাটছে কখনোবা এতিমখানার অবহেলা আর অত্যাচারে, কখনোবা অপরাধচক্রের শিকার হয়ে, আবার কখনও নায়ক রাজ রাজ্জাকের স্নেহ ও ভালোবাসায় সুন্দর আশ্রয়ে। অপরাধচক্রের আরেক শিকার পরী (ফারিয়া)। বিচ্ছু আর পরীর সুখ-দুঃখের অজানা সব কাহিনী নিয়ে সামিয়া জামানের পরিচালনায় নতুন ছবি ‘আকাশ কত দূরে’। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল। ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও ভার্সা মিডিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, লাক্স সুপারস্টার ফারিয়া, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। ছবিটির পরিচালক সামিয়া জামান বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্র বলতে যা বুঝায়, এটি সেরকম। ছবিটির গল্প সব বয়সের, সব ধরনের দর্শককে টানবে। এটি আমার দ্বিতীয় ছবি। আশা করছি, দর্শক সিনেমা হলে এসে সপরিবারে ছবিটি দেখবেন।’ ছবিটি ৬ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ফিউচারপার্ক ব্লকবাস্টার সিনেমাস আর বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পাবে।